এনসিপির আপত্তি: জাতীয় ঐকমত্য কমিশনের ইউপি চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাবে সরাসরি ভোটের দাবি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫ | লেখক: ইমামুল

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচনে সরাসরি ভোটের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে। তারা ইউপি সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত 'বর্ধিত আলোচনা' সভায় এনসিপি তাদের মতামত তুলে ধরে। আলোচনা শেষে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সাংবাদিকদের বলেন, "আমরা চাই জনগণের সরাসরি ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হোক। বর্তমান প্রস্তাব অনুযায়ী সদস্যদের ভোটে নির্বাচন হলে গণতান্ত্রিক পদ্ধতি দুর্বল হবে।"
প্রাদেশিক সরকার ও স্থানীয় প্রতিনিধি কাঠামো নিয়ে ভিন্নমত
এনসিপি প্রাদেশিক সরকার গঠনের প্রস্তাব এবং জেলা পরিষদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদ বিলুপ্তির বিরুদ্ধেও মত প্রকাশ করেছে। দলটি জানায়, স্থানীয় সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে শক্তিশালী করতে হবে। গুরুত্বপূর্ণ নির্বাচিত পদগুলো বিলুপ্ত হলে স্থানীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
দলীয় প্রতীক ব্যবহারে বিরোধিতা
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিরোধিতা করে এনসিপি জানায়, এতে সহিংসতা ও অনিয়ম বাড়ে। সারোয়ার তুষার বলেন, “দলীয় প্রতীক চালু করে শাসকগোষ্ঠী একধরনের সাংস্কৃতিক ও গণতান্ত্রিক বিপর্যয় সৃষ্টি করেছে। নির্দলীয় নির্বাচনে সমাজের ভালো ও যোগ্য মানুষরা নেতৃত্বে আসতে পারেন।”
নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দাবি
নির্বাচন কমিশনের মেয়াদ শেষে যদি কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ওঠে, তবে তা সংসদীয় কমিটির পরিবর্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দ্বারা তদন্ত হওয়া উচিত বলে মত দিয়েছে এনসিপি। তাদের মতে, সংসদীয় তদন্ত রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে।
Good decision
উত্তরমুছুন